
মুশফিকুর রহমান, ফরিদপুর (বোয়ালমারী) প্রতিনিধি:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. রিবুল হোসাইন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বর্তমান তিনি ফরিদপুর জেলা সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২২ জুন) সকাল ১১টার পর করিমপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সাথে ময়না ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, সকালে নিজের মোটরসাইকেলে চড়ে কর্মস্থল ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের উদ্দেশে যাচ্ছিলেন মো. রিবুল হোসাইন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর মধ্যে মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন, তারা সবাই সুস্থ্য আছেন। এই বিষয়ে বাস ও মোটরসাইকেল জব্দসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, তার মৃত্যুর খবর ময়না ইউনিয়ন ও বোয়ালমারী এলাকায় পৌঁছালে সহকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনসাধারণের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর পর তার মরদেহে এলাকায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ময়না ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


