
রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি:
গ্রামীণ জনপদে দ্রুত ও সস্তায় বিচার পাওয়ার বিকল্প হিসেবে গ্রাম আদালতের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। কুড়িগ্রামের রাজারহাটের ৩ নং ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে আয়োজিত ভিডিও শো-কর্মশালা ও আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।
সোমবার (১৫ জুন) ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা পরিসংখ্যান অফিসার, এটিএম রিয়াসাদ রনি। তিনি বলেন, “যারা সমাজে গণমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিক আছেন, তারা গ্রাম আদালতের মাধ্যমে যে সেবা পাবেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে তা নিশ্চিত করা হবে। আমি আশা করি, অল্প সময়ে, স্বল্প খরচে এবং সঠিক বিচার পেতে আপনারা সবাই চলে যাবেন গ্রাম আদালতে।”
প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী তাঁর বক্তব্যে গ্রাম আদালতের কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কিছু ফৌজদারি ও দেওয়ানি বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে এই আদালত গঠিত হয়েছে। তিনি আরও বলেন, “অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে পারে গ্রাম আদালত। এখানে আইনজীবী নিয়োগের কোনো বিধান নেই; চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিচার সমাধান করা হয়।”
এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।


