
আবুল হাসান মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ মহেশপুর উপজেলার সীমান্তে পৃথকভাবে তিনটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার সহ, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন, ৫৮ বিজিবি।
(১৭ মে রবিবার ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ মে রাত আনুমানিক ৯:০০ টায় মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৩/৪-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামে একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। হাবিলদার মোঃ ওয়াহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া আজ ১৭ মে দুপুর বেলা আনুমানিক ১২:৫০ টায় একই বিওপির অধীনস্থ মেদিনীপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।
অন্যদিকে, আজ সকাল আনুমানিক ৭:৩০ টায় পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/২০-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামে বিশেষ টহল পরিচালনা করা হয়। হাবিলদার মোঃ জামালের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আটককৃত পুরুষ ব্যক্তি হলেন নড়াইল সদর থানার বাঁশভিটা গ্রামের বিমল কুমার বিশ্বাসের ছেলে কাজল কুমার বিশ্বাস (৬২)।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


