
কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫মে) জুম্মার নামাজের পর
সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তালা বিদে হাইস্কুলের পুরাতন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে গিয়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঙ্গরাজ্যে উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নারী-পুরুষের ওপর নির্যাতন, হত্যা, বাড়িঘর, মসজিদ ও কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নির্যাতন বন্ধের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানান।
প্রতিবাদ সভায় মোঃ অহিদুজ্জামান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাওলানা সাইফুল্লাহ আজাদী, মাওলানা আব্দুস সালাম ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান।


