
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া–নওগাঁ মহাসড়কের পাশে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্রা মাধবপাড়া ইউনিয়নের সাতখড়ি এলাকার কিসমত আলীর ছেলে সোহেল রানা (৪৭)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওগাঁ থেকে বগুড়াগামী সিয়াম পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-২৬০৫) নামের একটি যাত্রীবাহী বাস এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের জি-৪ সিটে বসা টিকিটবিহীন যাত্রী সোহেল রানার দেহ ও ট্রাভেল ব্যাগ থেকে ‘CUPIGESIC’ লেবেলযুক্ত ৫০০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


