
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় দিনের আলোতেই সংঘটিত একটি চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে তালা ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ডলার ও মোবাইল ফোন চুরির ঘটনায় ইতোমধ্যে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সদর ফাঁড়ির পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী শহিদুল ইসলাম শিমুল শহরের নিউমার্কেটে ব্যবসা করেন। তার বড় ভাই কুয়েত প্রবাসী হওয়ায় ভাবি মোছাঃ সানজিদা আক্তার তনু ছেলে-মেয়েকে নিয়ে চকসূত্রাপুরের নিজ বাসায় বসবাস করতেন। গত ২৭ এপ্রিল সকাল ১১টার দিকে তিনি মেয়েকে নিয়ে স্কুলে যান। মাত্র আধা ঘণ্টা পর বাসায় ফিরে এসে দেখেন, বাসার মূল ফটক ও কক্ষের তালা ভাঙা এবং আলমারির জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
পরে দেখা যায়, আলমারিতে থাকা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ৯৬ হাজার ১ টাকা, প্রাইজবন্ড, ৫০ ডলারের একটি নোট এবং দুটি মোবাইল ফোন চুরি হয়েছে।
ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মাঝেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, খুব অল্প সময়ের মধ্যে চোরেরা সরাসরি শয়নকক্ষের আলমারি টার্গেট করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এতে ধারণা করা হচ্ছে, বাসার ভেতরে কোথায় কী রাখা আছে এবং কখন বাসা ফাঁকা থাকবে – এসব বিষয়ে আগে থেকেই কারও তথ্য ছিল।
বিশেষ করে এক নারীসহ ৪ জনের গ্রেপ্তারের ঘটনায় “পরিচিতজন বা তথ্যদাতার সম্পৃক্ততা”র বিষয়টিও আলোচনায় এসেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে রাজি নয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হয়নি।


