
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিজেদের ডিবি পুলিশ, সিভিল পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে যাত্রীবাহী ইজিবাইক ও অটোরিকশা থামিয়ে ভয়ভীতি দেখিয়ে কৌশলে সেগুলো ছিনতাই করত। তাদের কাছ থেকে ২টি ওয়াকিটকি, ১টি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে তিনি টিএমএসএস হাসপাতাল এলাকায় যাত্রী পরিবহনের সময় প্রতারক চক্রের ফাঁদে পড়েন। এ সময় একজন ব্যক্তি নিজেকে সিভিল পুলিশ পরিচয় দিয়ে ওয়াকিটকি প্রদর্শন করে তাকে ভয় দেখায় এবং পরে কৌশলে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বগুড়া সদর থানায় ০৫ মে ২০২৬ তারিখে একটি মামলা (মামলা নং-২৭, ধারা ১৭০/৩৭১ দণ্ডবিধি) দায়ের করা হয়।
মামলার পর বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। পরে এসআই মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে ডিবি পুলিশ বগুড়া সদরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের মূল ৫ সদস্যকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর হারাগাছ থানার বানুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে চোরাই ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন এবং তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ও দস্যুতার মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


