
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত সোমবার (২৭ এপ্রিল) জেলা কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কক্সবাজার থেকে জয়পুরহাটগামী ‘এস.আই এন্টারপ্রাইজ’ নামীয় যাত্রীবাহী কোচ (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৭০৪১) তল্লাশি করা হয়। এসময় বাসটির G-1 সিটে টিকিটবিহীন অবস্থায় বসা এক যাত্রীর দেহ তল্লাশি করে ১,০০০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো সাদা জিপারযুক্ত দুটি পলিপ্যাকেট, যার প্রতিটিতে ইয়াবা ট্যাবলেট রাখা ছিল। এছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ জামাল (৩৫)। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের হাজিপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ মাদক চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।


