
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের চিৎলার খাল এবং কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া ব্রিজ থেকে ছাতিয়ানতলা সাকোর বিল পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টা ও ৩টায় পৃথকভাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে খাল খনন ও পানি ব্যবস্থাপনার যে কার্যক্রমের সূচনা হয়েছিল, তা আজ আরও বিস্তৃত ও গতিশীল রূপে এগিয়ে নিচ্ছেন তারই সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান। তিনি বলেন, এই ধারাবাহিক উদ্যোগ গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। এতে করে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে, অন্যদিকে ফসলের ফলন বাড়বে এবং গ্রামীণ জনপদের জীবনমান উন্নত হবে।
তিনি উল্লেখ করেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাল, নদী ও জলাশয় পুনঃখনন কার্যক্রম জোরদার করা হয়েছে, যা প্রাকৃতিক পানি প্রবাহ পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসী খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।


