
হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ছানা উল্যাহ ও তার ছেলে রাসেল। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গনি মাঝির বাড়ির জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মৃত চৌধুরী মুন্সির ছেলে আবদুল কাদের, তার ছেলে হোসেন ও হাসান এবং তাদের স্ত্রী মিম ও পেন্সিসহ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।হামলার সময় ছানা উল্যাহ ও তার ছেলে রাসেলকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আহতদের উদ্ধার করে দ্রুত লক্ষীপুর সদর হাসপাতালে পাঠায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, পরে অবস্থার অবনতি দেখা দিলে তাদেরকে আরো উন্নত চিকিৎসার জন্য পাইভেট হাসপাতালে ভর্তি করানো হলো।এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


