
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা-এ আলোচিত স্কুলছাত্র সামিউল ইসলাম সিয়াম হোসেন (১৬) হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়া।
পুলিশ সূত্রে জানা যায়, সিয়াম নর্থগার্ডেন স্কুল এন্ড কলেজ-এর দশম শ্রেণির ছাত্র ছিলেন। গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তার বন্ধুদের মাধ্যমে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয় শাকপালা এলাকার শাকপালা ডায়াবেটিক্স পার্ক-এর ৪ নম্বর টিলার দক্ষিণ পাশে। সেখানে একটি মেয়ে উত্ত্যক্তের ঘটনা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজন কিশোর তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
পরে সিয়ামকে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার বন্ধু তুহিন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-১৫, তারিখ: ১৯ এপ্রিল ২০২৬; জিআর নং-১১০), যেখানে দণ্ডবিধির ৩২৬/৩০২/৩০৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে বগুড়া জেলা পুলিশের নির্দেশনায় ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার (১৯ এপ্রিল) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামি কিশোর নিয়ামুল (ছদ্মনাম) (১৫)-কে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি বগুড়ার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার এবং এসআই মোহাম্মদ ফজলুল হক।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


