
RMU
RABINDRA MAITREE UNIVERSITY
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় Rabindra Maitree University, Kushtia
ESTD 2015
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৮/০৪/২০২৬ খ্রি.
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে যে, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়কে নিয়ে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছে। বিশেষভাবে প্রতীয়মান হচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর সাবেক ভাইস চেয়ারম্যান (ট্রাস্ট আইন অনুযায়ী যার সদস্যপদ বিলুপ্ত) এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর স্থায়ীভাবে চাকরিচ্যুত অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িত।
প্রাপ্ত তথ্যে আরও জানা যায় যে, ‘শিক্ষার্থী ভর্তির বিষয়ে জরুরি সতর্কতা’ শীর্ষক একটি ভুয়া নোটিশ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া প্যাডে প্রস্তুত করে, অবৈধভাবে নিজেকে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পরিচয়দানকারী আফরোজা হক রীনার স্ক্যানকৃত স্বাক্ষর ব্যবহার করে, ভর্তি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় এবং আইনত দণ্ডনীয়।
উল্লেখ্য যে, জনাব হাসানুল ইনু বর্তমানে জেল হাজতে আটক আছেন, তার স্ত্রী আফরোজা হক রীনা ও তার পুত্র সোমিত আশফাকুল হক জনসম্মুখে অদৃশ্য (Likely to be absconded)। এতদ্ব্যতীত ৫ই আগস্ট ২০২৪ পরবর্তী সময় থেকে অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ছয় মাসের অধিক সময় ধরে বাংলাদেশে অনুপস্থিত থাকার পরিপ্রেক্ষিতে ট্রাস্ট আইন, ১৮৮২ এর ৭৩ ধারা অনুযায়ী তার ট্রাস্টিপদও ইতোমধ্যে বিলুপ্ত হয়েছে। ফলে বর্তমানে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের কোনো প্রকার প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে তারা ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন-যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাতে চায় যে, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম প্রযোজ্য আইন, বিধি-বিধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে যথাযথভাবে পরিচালিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, সিদ্ধান্ত বা কার্যক্রমের প্রতিফলন নয়।
এছাড়া, ড. মোহাম্মদ জহুরুল ইসলাম এর বিরুদ্ধে আনীত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যমূলক কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে কার্যকর কয়েকটি নির্দেশনা প্রদান করেছে। উল্লেখ্য যে, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ছিলেন এবং প্রমাণিত অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে গৃহীত প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় হতে চাকরিচ্যুত হয়েছেন।
ইতঃপূর্বে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৮৮৪; তারিখ: ২৮/১২/২০২৫) দায়ের করা আছে।
বর্তমানেও বিদেশে অবস্থান করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম/ব্যক্তিগত ফেসবুক/ তার নিয়ন্ত্রনাধীন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অনলাইন অফিশিয়াল ফেসবুক পেজ/নামধারি অনলাইন পত্রিকা-‘বিডি বাংলা নিউজ ২৪” ও ‘দৈনিক সংগ্রামী কণ্ঠ” ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার অব্যাহত রেখেছেন। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত ও বাস্তবতাবিবর্জিত।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করছে এবং যেকোনো তথ্য গ্রহণের ক্ষেত্রে তা যথাযথভাবে যাচাই করার জন্য আহহ্বান জানাচ্ছে। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল প্রকার অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সত্য, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে অগ্রসর হতে বদ্ধপরিকর।
মোঃ নওয়াব আলী
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া


