
নিজস্ব প্রতিবেদকঃ
ভারতে পাচারের শিকার ১০ বাংলাদেশি নারী ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ফেরত আসা নারীদের কাছে গত ১৭ আগস্ট বাংলাদেশ উপহাইকমিশন থেকে ইস্যু করা ট্রাভেল পারমিট এবং ২৭ অক্টোবর মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে ইস্যু করা এক্সিট পারমিট ছিল।মানচিত্র দেখুন
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ওই ১০ নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, থানার প্রয়োজনীয় কার্যক্রম শেষে নারীদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।


