
আবুল হাসান, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক জামাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে। ঘটনার পর অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে ধারালো অস্ত্রসহ আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অপরদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এর জের ধরে আজ ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেন এবং তাৎক্ষণিক থানায় খবর দেন।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান
রয়েছে।


