
এস.এম.শামীম, দিঘলিয়া:
দিঘলিয়াখুলনার দিঘলিয়ায় সন্তানের সঙ্গে দেখা করাকে কেন্দ্র করে সাবেক স্ত্রীর ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মো. রমজান শেখ (২৭) নামে এক যুবক দা-এর কোপে আহত হয়েছেন।বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার ৪ নম্বর সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।আহত রমজান শেখ উপজেলার সেনহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীগ্রামের বাসিন্দা। তিনি ইসলাম শেখের ছেলে।স্থানীয় ও ঘটনার প্রাথমিক বিবরণ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে একই গ্রামের জরিপ মোড়লের মেয়ে মোছা. বাবিতা খাতুনের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক রমজান শেখের বিয়ে হয়। তাদের সংসারে মো. হোসাইন (৪) নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে প্রায় এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।বিবাহবিচ্ছেদের পরও রমজান শেখ মাঝে মাঝে তার সন্তানের সঙ্গে দেখা করতে আসতেন। বৃহস্পতিবার রাতে সন্তানকে দেখতে গেলে এ বিষয়কে কেন্দ্র করে বাবিতা খাতুনের আপন ভাই মো. শফিকুল মোড়লের সঙ্গে রমজানের কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে কথা কাটাকাটি মারামারিতে রূপ নেয়।এ সময় শফিকুল মোড়ল দা দিয়ে রমজান শেখের পিঠে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসি) রেফার্ড করেন।
ঘটনার বিষয়ে দিঘলিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


