নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনী পূর্বপাড়া ও ঘোষড়া গ্রামের সড়কের সংযোগ স্থলে পানি চলাচলের পথ বন্ধ করে মাছ চাষ করছেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নামতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চলাচলের পথ বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার শত শত মানুষ।
স্থানীয়দের অভিযোগ, তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘেরের পানি আটকে রাখার কারণে এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এতে শিরাশুনী পূর্বপাড়ার প্রায় ২০০ থেকে ২৫০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শিরাশুনী পূর্বপাড়া ও ঘোষড়া গ্রামের সংযোগ সড়কের পাশে সরুখাল দিয়ে এই এলাকার বৃষ্টির পানি দুটি প্রাকৃতিক জলপথ দিয়ে প্রবাহিত হয়ে বুড়িভদ্রার খালে গিয়ে পড়ত। এসব জলপথ দিয়ে পানি নিষ্কাশনের ফলে দীর্ঘদিন ধরে এলাকার পানি স্বাভাবিক ভাবে নেমে যেত। বর্তমানে ওই দুটি পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় এবং চেয়ারম্যান আবুল কালাম আজাদের ঘেরের পানি আটকে রাখার কারণে বৃষ্টির পানি স্বাভাবিক গতিতে বুড়িভদ্রার খালে নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতে এলাকায় পানি জমে যাচ্ছে এবং অতিবৃষ্টির পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। এলাকাবাসী পানি নিষ্কাশনের পূর্বের দুটি পথ খুলে দেওয়ার জন্য একাধিকবার চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে অনুরোধ করলেও শোনেননি তিনি জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শিশু, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি। পানি জমে থাকায় দৈনন্দিন জীবনযাত্রা, স্থানীয় যোগাযোগ ব্যবস্থা এবং কবরস্থানে যাতায়াতও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তারা।
এমতো অবস্থায় দূর্ভোগ হতে মুক্তি পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
মোবাইল ফোন রিসিভ না করায় চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।