
নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল:
জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন মিনা আক্তার নামে এক নারী। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্বথুরি এলাকার নাপিতখালী ব্রিজসংলগ্ন মো. আশরাফ আলীর ছেলে রাব্বীর বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি।মিনা আক্তারের দাবি, ঢাকায় চাকরির সুবাদে রাব্বীর সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে রাব্বী প্রায় আট বছর ধরে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। দীর্ঘদিনের সম্পর্কের পর বর্তমানে রাব্বী তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।মিনার আরও অভিযোগ, তাদের সম্পর্কের ব্যক্তিগত ছবি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করে রাব্বী বিভিন্ন সময়ে তার কাছ থেকে অর্থ নিয়েছেন।মিনা আক্তার বলেন, দীর্ঘ আট বছর সম্পর্কের পরও রাব্বী বিয়েতে রাজি না হওয়ায় কোনো উপায় না পেয়ে তিনি তার বাড়িতে এসে অবস্থান নেন। স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হলে একপর্যায়ে রাব্বী তাকে ঘরে তুলে নেন বলেও দাবি করেন তিনি।
তবে সন্ধ্যার পর তাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন মিনা। পরে রাব্বীর পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


