নওগাঁর পোরশায় ডাকাতির প্রাক্কালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রাক্কালে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল পোরশা থানা এলাকায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে টহল অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছাকাছি একদল লোক রাস্তায় দড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে পাশের জঙ্গলে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে।পরবর্তীতে স্থানীয় পথচারীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে জানা যায়,গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁর পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) এবং সমনগর গ্রামের মাহবুল সোনারের ছেলে মোস্তাকিম (১৯)।আটক ব্যক্তিরা এলাকায় ‘কিশোর গ্যাং’ সদস্য হিসেবে পরিচিত বলে জানা যায়।তাদের তল্লাশিকালে ১নং আসামি দেলোয়ারের কাছ থেকে একটি দেশীয় তৈরি তীক্ষ্ণ খাঁজকাটা লম্বা হ্যান্ডেল চেইন, ২নং আসামি নাইমের কাছ থেকে একটি দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন এবং ৩ নং আসামি মোস্তাকিমের হাতের শপিং ব্যাগ থেকে ২৫ ফুট লম্বা দড়ি ও একটি ছোট টর্চ লাইট উদ্ধার করা হয়। এ ছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করেন পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পোরশা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।