
মোঃ সোহেল রানা রাজশাহী:
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।এরই ধারাবাহিকতায় অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র টহল দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, চারঘাট থানাধীন রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীর নামক স্থানে চোরাকারবারীরা কিছু মালামাল পাচাড়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চোরা কারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশী করে একটি ব্যাগের মধ্য হতে ১৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল শুল্ক অফিস, রাজশাহী জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।


