বগুড়ার সোনাতলায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মো. নাজিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে সোনাতলা থানার আগুনিয়া তাইড় গ্রামের রায়হান আকন্দের বাড়ির সামনে অভিযান চালিয়ে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নাজিম উদ্দিন বগুড়ার সোনাতলা থানার আগুনিয়া তাইড় (খানপাড়া) এলাকার বাসিন্দা। তিনি মৃত হক প্রধানের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী তরুণীর (২০) বাবা-মা ব্যবসায়িক কাজে বাইরে গেলে তিনি বাসায় একা ছিলেন। ওই দিন দুপুর আনুমানিক ১টার দিকে নাজিম উদ্দিন বাসায় প্রবেশ করে ভুক্তভোগীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর বড় বোন বাড়িতে এলে অভিযুক্ত কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সোনাতলা থানায় রুজু করা হয়। মামলার নম্বর-১০, জিআর নম্বর-১৩৫। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব-১২ জানায়, মামলা হওয়ার পর নাজিম উদ্দিন গ্রেপ্তার এড়াতে সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর নাজিম উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।র্যাব-১২-এর পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠতে পারে – এমন ব্যক্তিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও অভিযান জোরদার করা হবে।