নাটোরের নলডাঙ্গায় বসতভিটার সম্পত্তির দখল চাওয়াকে কেন্দ্র করে এক নারী ও তার স্বামীকে হামলা, মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ কবিতা খাতুন (৩০) নামে এক গৃহবধূ নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবিতা খাতুন অভিযোগ করেন, রামশার কাজিপুর মৌজায় তার স্বামী মোঃ শফিকুল ইসলামের নামে থাকা প্রায় ১০ শতাংশ বসতভিটার জায়গা আব্দুস সামাদ (৪৫), তার ছেলে মোঃ হাসান আলী (২৫), মোঃ আব্দুল হামিদ (৪০) ও মোঃ হাসেম আলী (২৩) দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগদখল করে আসছেন।
কবিতা খাতুনের অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে তিনি সম্পত্তির দখল চাইতে গেলে অভিযুক্তরা দখল দিতে অস্বীকৃতি জানিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে দলবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করেন। লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, মোঃ আব্দুল হামিদের নির্দেশে আব্দুস সামাদ বাঁশের লাঠি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এতে মাথার পেছনের বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে মোঃ হাসান আলী তাকে এলোপাতাড়ি মারধর করলে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এ সময় মোঃ হাসেম আলী তার পরনের সেলোয়ার-কামিজ ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন এবং মোঃ আব্দুল হামিদ তার গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন বলেও অভিযোগে উল্লেখ করেন কবিতা খাতুন। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানান তিনি।
কবিতা খাতুন জানান, তাকে রক্ষা করতে তার স্বামী মোঃ শফিকুল ইসলাম এগিয়ে এলে মোঃ হাসান আলী ও মোঃ আব্দুল হামিদ তাকেও বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ছিলা-ফোলা ও কালশিরার জখম হয়।
তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে অটোরিকশাযোগে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেন।
ঘটনার সময় মোছাঃ হুরজান বেগম, মোছাঃ তানজিলা বেগম ও মোঃ শাহিদুল ইসলামসহ স্থানীয় আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে কবিতা খাতুন অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান জানান, কবিতা খাতুনের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।