মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফুটবল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।টুর্নামেন্টের দ্বিতীয় স্থান নির্ধারণী খেলায় মুখোমুখি হয় লাহিড়ীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডের ফুটবল দল। মাঠে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে জড়ো হন বিভিন্ন বয়সী দর্শক।লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আপেল মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি পরিচালিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মো. আলহাজ্ব সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আব্দুল মালেক (তুহিন)। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. স্বপন মন্ডল।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।টুর্নামেন্টের উদ্দেশ্য ও সার্বিক আয়োজন সম্পর্কে বক্তব্য দেন লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আপেল মাহমুদ।তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে আমাদের এ আয়োজন। তরুণদের মধ্যে ক্রীড়ামুখী মনোভাব তৈরি, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”তিনি আরও বলেন, এলাকার তরুণ ও যুবকদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।খেলাকে কেন্দ্র করে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্রীড়ানুরাগীরা।