বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় রবিউল ইসলামের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার রবিউল ইসলাম কাহালু উপজেলার উল্ট্র পশ্চিম পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মো. ছামছুল হক।পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রবিউল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ডিএনসি সূত্রে জানা যায়, আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা পাঁচটি ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও প্রয়োজন।মাদকাসক্তি ও মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।