খুলনার কয়রা উপজেলায় সরকারি বরাদ্দের পানির ট্যাংকি বিতরণে অনিয়ম ও নয়ছয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই পরিবারের একাধিক সদস্যের নামে একাধিক পানির ট্যাংকি নেওয়া হচ্ছে। এতে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, পানির ট্যাংকি বিতরণে রাজনৈতিক প্রভাব ও স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তালিকার ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে প্রকৃত সুবিধাভোগীদের অনেকেই ট্যাংকি পাচ্ছেন না। কেউ কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ট্যাংকি নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।কয়রা উপজেলার যেসব এলাকায় লবণাক্ততার প্রকোপ বেশি, সেসব এলাকার দরিদ্র মানুষ পানির ট্যাংকি পাওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে কয়রা সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর কয়রা, মহারাজপুর ইউনিয়নের উত্তর মঠবাড়ী, দক্ষিণ মঠবাড়ী ও দোশ্যলি খেয়াঘাট সংলগ্ন এলাকা উল্লেখযোগ্য।এ ছাড়া মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলারচর, চৌকুনী ও বাবুরাবাদ গ্রাম এবং উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালী, শাকবাড়িয়া ও পদ্মপুকুর এলাকার বাসিন্দারাও পানির ট্যাংকি সংকটের কথা জানিয়েছেন।৬ নম্বর কয়রা গ্রামের সঞ্জয় মণ্ডল বলেন, “আমার পরিবারে পাঁচজন সদস্য। বর্ষা মৌসুম শেষ হলে পানি কিনে খেতে হয়। একটি পানির ট্যাংকির জন্য বহুবার চেষ্টা করেছি। কিন্তু আমি পাচ্ছি না। অথচ আমার এলাকায় যারা স্বাবলম্বী, তারাও পানির ট্যাংকি পাচ্ছেন।”৫ নম্বর কয়রা গ্রামের হতদরিদ্র হাদরী বেগম বলেন, “আমি ও আমার পরিবার প্রতিদিন পানি কিনে খাই। একটি ট্যাংকি পাওয়ার জন্য এলাকার মেম্বার, চেয়ারম্যানসহ বিভিন্ন মানুষের কাছে বহুবার গিয়েছি। কিন্তু এখনো ট্যাংকি পাইনি।”এদিকে কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, “বিগত সময়ে এমপি মহোদয়, চেয়ারম্যান ও মেম্বারদের তালিকা অনুযায়ী ট্যাংকি দেওয়া হয়েছে। বর্তমানে এমপি মহোদয়ের তালিকা অনুযায়ী ট্যাংকি দেওয়া হচ্ছে।”মাঠ পর্যায়ে তদারকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা মাত্র ৩-৪ জন মানুষ। কীভাবে সব জায়গায় তদারকি করব? স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা আমাদের তালিকা দেন। সেই তালিকা অনুযায়ী আমরা ট্যাংকি দিয়ে থাকি।”তবে তাঁর বক্তব্য থেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। একটি পরিবারে একাধিক সদস্য থাকলে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পানির ট্যাংকির জন্য আবেদন করার সুযোগ থাকায় একই পরিবারে একাধিক ট্যাংকি যাওয়ার ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, আগের আওয়ামী লীগ সরকারের আমলে যারা পানির ট্যাংকি পেয়েছিলেন, তাদের কেউ কেউ বর্তমানে আবারও নামে-বেনামে ট্যাংকি পাচ্ছেন। একই সঙ্গে আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সাবেক কিছু নেতাকর্মী বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে প্রভাব খাটিয়ে পানির ট্যাংকিসহ বিভিন্ন সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।স্থানীয়দের দাবি, প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করতে সরেজমিন তদন্ত, পরিবারের সদস্যদের তথ্য যাচাই এবং আগে যারা ট্যাংকি পেয়েছেন তাদের তালিকা পুনঃপরীক্ষা করা প্রয়োজন। একই পরিবারে একাধিক ট্যাংকি বিতরণ বন্ধ করে লবণাক্তপ্রবণ এলাকার দরিদ্র ও পানিবঞ্চিত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও স্বচ্ছভাবে সুবিধাভোগী নির্বাচন করা হলে প্রকৃত দরিদ্র মানুষের কাছে সরকারি বরাদ্দের পানির ট্যাংকি পৌঁছাবে বলে মনে করছেন স্থানীয়রা।