
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুর উপজেলায় মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজিনা খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিশালপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরজিনা খাতুন বিশালপুর গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। তিনি শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে আরজিনা নিজ ঘরে ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জে দিতে যান। এ সময় ত্রুটিপূর্ণ চার্জার, বৈদ্যুতিক সংযোগ অথবা খোলা তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাকে উদ্ধারের পর সুস্থ করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।বিশালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। অল্প বয়সী কলেজছাত্রীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা বলছেন, বৈদ্যুতিক সংযোগ ও মোবাইল চার্জারের ব্যবহারে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ত্রুটিপূর্ণ চার্জার বা বৈদ্যুতিক তার ব্যবহার না করে নিয়মিতভাবে এসব সরঞ্জাম পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।


