বগুড়ার নন্দীগ্রামে এক ব্যক্তির লাঠির আঘাতে আমেনা নামে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ৪ নম্বর খালতা-মাজগ্রাম ইউনিয়নের মির্জাপুর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোসাইন মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় আমেনাসহ তিন শিশু মির্জাপুর পাঠানপাড়া এলাকায় হোসাইন মণ্ডলের বাড়ির সামনে খেলাধুলা করছিল। হঠাৎ হোসাইন মণ্ডল এক হাতে দা এবং অন্য হাতে লাঠি নিয়ে শিশুদের দিকে এগিয়ে যান। এ সময় আতঙ্কিত হয়ে শিশুরা দৌড়ে পালানোর চেষ্টা করে।
দৌড়ানোর একপর্যায়ে আমেনা মাটিতে পড়ে যায়। অভিযোগ রয়েছে, তখন হোসাইন মণ্ডল শিশুটিকে লাঠি দিয়ে মারধর করেন। শিশুটির চিৎকার শুনে তার ভাবি বাড়ি থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করেন।আহত শিশুটিকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।শিশুটির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হোসাইন মণ্ডলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।