বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা মৌজার বাউলাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা ‘বলিয়াদহ জান’ খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালেস্থানীয় কৃষকদের উদ্যোগ ও সহযোগিতায় খালটির খনন কাজের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।স্থানীয় কৃষকদের ভাষ্য, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই খালটি ওই এলাকার কৃষিজমির পানি নিষ্কাশন ও সেচের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিন সংস্কার ও খনন না হওয়ায় পলি, মাটি ও বিভিন্ন ধরনের আবর্জনা জমে খালটির নাব্যতা কমে যায়। এতে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই আশপাশের ফসলি জমিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। অন্যদিকে শুষ্ক মৌসুমে সেচের পানির সংকটে কৃষকদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল।এতে রায়নগর ইউনিয়নের প্রায় ৩০০ বিঘা কৃষিজমির চাষাবাদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে আমনসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদে কৃষকদের অতিরিক্ত দুর্ভোগ ও আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দেয়।সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ভুক্তভোগী কৃষকদের একটি দল সম্প্রতি তাহেরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাউলাপাড়া এলাকায় যান। পরে কৃষকদের সঙ্গে কথা বলে নিজ উদ্যোগে খালের পানি প্রবাহ স্বাভাবিক করতে খনন কার্যক্রম শুরু করেন।উদ্বোধনের সময় তাহেরুল ইসলাম বলেন, “কৃষকের স্বার্থে তাৎক্ষণিকভাবে যে কাজটি করা সম্ভব, সেটিই আমরা শুরু করেছি। খালটি সচল হলে একদিকে যেমন জলাবদ্ধতা কমবে, অন্যদিকে কৃষকের সেচ সুবিধাও বাড়বে। তবে এটি স্থায়ীভাবে সমাধানের জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সরকারি প্রকল্পের আওতায় খালটির পূর্ণাঙ্গ পুনঃখননের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।”স্থানীয় কৃষকেরা জানান, খালটি সচল হলে বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা পাওয়া সহজ হবে। এতে কয়েকশ বিঘা জমিতে নিয়মিত চাষাবাদ ও ফসল উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে।খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী আমিনুর ইসলাম, কৃষক আলহাজ্ব ফজলুল বারী, শহিদুল ইসলাম, আলহাজ্ব নান্নু, জয়নাল হোসেন, আবু সাঈদ, নছিম উদ্দিন, বকুল, লিটন, আব্দুল জলিল, আলেম উদ্দিন, আনিছার রহমান, সান্না মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ ছাড়া রায়নগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন হাসান, জাকিরুল ইসলাম, সাবলু মিয়া, তুহিন ইসলাম, স্মরণ, সাব্বির ইবনে সাদ, পলাশ ইসলামসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় শতাধিক কৃষকও খনন কার্যক্রমে অংশ নেন।
খালটির পুনঃখনন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের দাবি, সাময়িকভাবে পানি নিষ্কাশনের পথ সচল করার পাশাপাশি দ্রুত সরকারি উদ্যোগে ‘বলিয়াদহ জান’-এর পূর্ণাঙ্গ ও টেকসই পুনঃখনন করা হলে এলাকার কৃষি উৎপাদন ও কৃষকদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।