
স্টাফ রিপোর্টারঃএম,এ রাশেদ
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২২ আগস্ট) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ১০০ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাইমদসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চণ্ডিপুর এলাকার মো. তছলিমের ছেলে মো. মিজানুর (৩৩), একই এলাকার মৃত অছির মোল্লার ছেলে জাহিদুল ইসলাম বাবু (৪৫) এবং জয়পুরহাট সদর উপজেলার তেঘর ডিসা এলাকার মো. নূর আমিন ভূট্টোর ছেলে মো. নূর নবী (২৩)।
পরে জব্দ করা মাদকদ্রব্যসহ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তিনজনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।


