
যশোর শহরের পালবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে কাজী পরিবহনে অভিযান চালিয়ে ১৯৭ বোতল অবৈধ সিরাপ উদ্ধার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্প। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পালবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরার দেবহাটারে শাহাজানপুর গ্রামের ওসমান গনি (৪৯) ও একই উপজেলার পুলিয়া গ্রামের আব্দুল মান্নান (৬২) এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার ভুলবাকুটিয়া গ্রামের শফিকুল (৪০)।
র্যাব জানায়, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বীর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে তারা সেখানে চেকপোস্ট বসান। এসময় সাতক্ষীরা থেকে পাবনাগামী কাজী পরিবহন দেখে সন্দেহ হয়। তারা গাড়িতে তল্লাশি চালায় । তল্লাশির একপর্যায়েপরিবহনে থাকা ওই তিনজনের কাছ থেকে ৯৭ বোতল উইনকোরেক্স ও ১০০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার করা সিরাপগুলো অবৈধ পথে ভারতে থেকে যশোর হয়ে অন্যত্র নেয়া হচ্ছিল। রাতে এ ঘটনায় মামলার পর সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


