
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাদের কে লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ছে। ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে দুই যুবলীগ কর্মীকে জেল-হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস ও শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ।
পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় গোপন বৈঠক করে সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার সময় তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান জানান, ২০১৮ সালে লতা ইউনিয়নের গঙ্গারকোনা এলাকার আবুল কালাম সরদারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে । এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির জানান, গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। পরে জিআর-১১৮/২৪ মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হয়েছে।


