আকাশ দাশ সৈকত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নাম লিখতে চলেছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি। ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট দ্যা অ্যাথলেটিক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
স্পেনের তারকা মিডফিল্ডারকে দলে ভেড়ানোর বিষয়ে দীর্ঘদিন ধরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল বার্সেলোনা। অবশেষে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পর এবার নিজের দেশ স্পেনে ফিরতে যাচ্ছেন রদ্রি।
রদ্রির নেতৃত্বেই বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল স্পেন। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে দলকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বকাপের পর্দা নামার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—দুই স্প্যানিশ জায়ান্টই তাকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালায়।
দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি সম্পন্ন হলে শুরুতেই ৬ কোটি ইউরো পাবে ম্যানচেস্টার সিটি। এর সঙ্গে থাকছে বিভিন্ন শর্তসাপেক্ষ বোনাস। এর বেশিরভাগ শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছে ইংলিশ ক্লাবটি। সব মিলিয়ে রদ্রির বিক্রি থেকে অন্তত ৭ কোটি ১৫ লাখ ইউরো আয় করতে পারে সিটি।
ম্যানচেস্টার সিটির হয়ে এখন পর্যন্ত ২৯৮ ম্যাচে ২৮ গোল করার পাশাপাশি ৩২টি গোলে সহায়তা করেছেন রদ্রি। সবকিছু পরিকল্পনামতো এগোলে দীর্ঘ সাত বছরের ম্যানচেস্টার অধ্যায়ের ইতি টেনে এবার স্পেনে ফিরতে চলেছেন এই তারকা মিডফিল্ডার।