PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে কান না দিয়ে উন্নয়নে কাজ করতে হবে: এমপি ফাহমিদা হক

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৪, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ণ
| 12
Link Copied!

শাহিনুর আক্তার ,নরসিংদী প্রতিধিনি:

ষড়যন্ত্রকারীদের অপপ্রচার ও বিভ্রান্তিতে কান না দিয়ে এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

সোমবার (৩ আগস্ট) বিকেলে পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) মিলনায়তনে পাইকগাছা ও কয়রা উপজেলা এবং পাইকগাছা পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাহমিদা হক বলেন, এলাকার সার্বিক উন্নয়নে কোনোভাবেই পিছিয়ে থাকা যাবে না। দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ষড়যন্ত্রকারীদের সব ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি উপেক্ষা করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।

সভায় পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ফাহমিদা হক বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলার মানুষের ভাগ্যোন্নয়নে তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।’

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও ঘোষিত নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, সাধারণ মানুষের জীবনমান সহজ করতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল সরকারের ও দলের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান বক্তার বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, দলের শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থার প্রতীক হিসেবে নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি শামীম কবীর, কয়রা উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন বাবুল ও এম এ হাসান এবং পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

মতবিনিময় সভায় পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং রাজনৈতিক ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST