
শাহীন সোহেল যশোর প্রতিনিধি//
যশোরের চৌগাছায় স্কুল ছুটির পর রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় পাঁচ শিক্ষার্থীসহ মোট আটজন আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ৩ নম্বর সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌগাছা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জিমি (১৩), সুরাইয়া (১২), চয়ন (১৫), শরিফা (১২) ও সিয়াম (১৫)। এছাড়া মোটরসাইকেল চালক বড় নিয়ামতপুর গ্রামের দিপু (৩২), তার স্ত্রী সুরাইয়া খাতুন (২০) এবং তাদের তিন বছর বয়সী কন্যা সিনথিয়াও আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে চৌগাছাগামী একটি নীল রঙের অ্যাপাচি মোটরসাইকেল (নম্বর: যশোর-ল-১৬-৪৪৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং চালকসহ আরোহীরাও আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শিক্ষার্থী জিমি, চয়ন, শরিফা, সিয়াম এবং মোটরসাইকেল চালক দিপুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অপর আহতরা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


