
যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে ইউসুফ আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটক ইউসুফ আলী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ তারিখে রূপদিয়া বাজারের মা মেডিকেল হোমিও চেম্বারে গিয়ে ইউসুফ আলী নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। একপর্যায়ে তিনি চেম্বারের স্বত্বাধিকারী মাইনুল হাসানের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
মাইনুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি প্রথমে দুই ঘণ্টা সময় চান এবং পরে ৬ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। এ সময় এক শুভাকাঙ্ক্ষীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি জানতে পারেন, ইউসুফ আলী প্রকৃতপক্ষে ডিবি পুলিশের সদস্য নন। এরপর তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।
তিনি আরও জানান, টাকা না পেয়ে অভিযুক্ত ব্যক্তি ০১৭১৬-৩৫২৬৫৭ নম্বর থেকে বিভিন্ন সময় ফোন করে তাকে হুমকি দিতে থাকেন। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ৩৫।


