PriyoKhobor-PNG
রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৭, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
| 10
Link Copied!

মোঃ শহীদুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি :

শিক্ষার্থীদের কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ না রেখে তাদের নৈতিকতা, শৃঙ্খলা, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে চট্টগ্রাম মডেল স্কুলের অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভায়। একই সঙ্গে শিক্ষার্থীদের শিখন অগ্রগতির মূল্যায়নের ফলাফল অভিভাবকদের হাতে তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠাভ্যাস গড়ে তোলা, সময়মতো অ্যাসাইনমেন্ট সম্পন্ন, মূল্যায়নের ফলাফল বিশ্লেষণ এবং অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সমন্বয়কে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মডেল স্কুল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোসা. ইয়াসমিন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মো. খলিলুর রহমান। তিনি বলেন, “একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে আজকের শিক্ষার্থীদের ওপর। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না; নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।”

প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মডেল স্কুলের প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান বলেন, একজন শিক্ষার্থীর সফলতা কেবল পরীক্ষার নম্বরের মাধ্যমে মূল্যায়ন করা যায় না। তার নিয়মিত উপস্থিতি, শেখার আগ্রহ, পাঠাভ্যাস, সময়ানুবর্তিতা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ—সবকিছুর সমন্বয়েই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে বিকশিত হয়। তিনি বলেন, বিদ্যালয়, পরিবার ও সমাজ একসঙ্গে কাজ করলেই আগামী প্রজন্মকে দক্ষ, সৃজনশীল, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

সভায় অভিভাবকদের সামনে শিক্ষার্থীদের মূল্যায়নের ফলাফল উপস্থাপন করা হয়। পাশাপাশি পরীক্ষার খাতা পর্যালোচনার সুযোগ দেওয়া হয় এবং শিক্ষার্থীদের শক্তি, দুর্বলতা ও উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয়ের এমন উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. রুবেল হোসেন এবং সাংবাদিক এইচ এম শাহীন আলম।

এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, রুমানা পারভীন, কনিকা দাস, সুপন দেবনাথ, মো. মেহেদী হোসেন ছোটন, মোমেনা আক্তার, সানজিদা আক্তার, চৈতি পাল, মিম আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অভিভাবকদের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মূল্যায়নের ফলাফল তুলে দেওয়া হয়। এছাড়া সম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষ ও কয়েকটি শ্রেণিকক্ষের সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁন্দারপাড়া হযরত গফুর শাহ (রহ.) জামে মসজিদের সম্মানিত মোয়াজ্জিন হুজুর।

শিক্ষাসংশ্লিষ্টদের মতে, পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের মতবিনিময় সভা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষাপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রাম মডেল স্কুলের এ উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST