
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলায় নাশকতা, বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফ মাহমুদ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) রাত প্রায় ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর গিলাবাড়ী বিলের মাথা এলাকার একটি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আরিফ মাহমুদ উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
শেরপুর থানা সূত্রে জানা গেছে, আরিফ মাহমুদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়ের করা একটি নাশকতা, বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় (শেরপুর থানা এফআইআর নং-১২, জিআর নং-৩১৮) তিনি এজাহারভুক্ত আসামি। ওই মামলায় দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (৩ জুলাই ২০২৬) দুপুরে তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে শেরপুর থানার দায়িত্বশীল একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে।


