
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজারে নিষিদ্ধ ঘোষিত পিরেনহা (চান্দা) মাছ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মাছ স্থানীয় একটি মাদরাসায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই, ২০২৬) সকাল ৭টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর ধারা ৫ অনুযায়ী ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরনবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান শেষে জব্দ করা পিরেনহা (চান্দা) মাছ স্থানীয় মাদরাতুস সাহাবা মাদরাসায় বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দেশীয় জীববৈচিত্র্য, জলজ পরিবেশ ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর মাছের চাষ, পরিবহন, ক্রয়-বিক্রয় এবং বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নিষিদ্ধ ঘোষিত মাছের চাষ ও বাণিজ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।


