
চলতি বছরের জুন মাসে দেশে অন্তত ৫৯ জন সংবাদকর্মী হামলা, নির্যাতন, মামলা ও হুমকির শিকার হয়েছেন। তাদের মধ্যে ৫১ জন শারীরিক হামলার শিকার হয়েছেন। এছাড়া আইনি হয়রানি ও গ্রেফতারের মুখে পড়েছেন ছয়জন এবং হুমকি ও ডাকাতির শিকার হয়েছেন আরও দুজন।
বুধবার (১ জুলাই) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বিএজে (বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) প্রকাশিত জুন ২০২৬ মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুন মাসজুড়ে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা শারীরিক হামলা, নির্যাতন, আইনি হয়রানি এবং জীবননাশের হুমকির মুখে পড়েছেন। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
বিএজের তথ্য অনুযায়ী, জুন মাসে অন্তত ৪০টি ঘটনায় ৫১ জন সংবাদকর্মী শারীরিক হামলা, নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে মাদক ব্যবসায়ী, রাজনৈতিক দলের উচ্ছৃঙ্খল নেতাকর্মী, পেশাজীবী ও ঠিকাদারদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক হামলার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়। নিগ্রহের শিকার তিনজন সাংবাদিক স্থানীয় সামাজিক ও জমিজমাসংক্রান্ত ঘটনা কাভার করতে গিয়ে হামলার শিকার হন।
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে মোট ছয়জন সাংবাদিক আইনি হয়রানি ও গ্রেফতারের শিকার হয়েছেন। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য’ প্রচারের অভিযোগে দায়ের করা এক মামলায় একই গণমাধ্যমের চার সাংবাদিককে আসামি করা হয়।
এ ছাড়া শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় স্থানীয় এক সাংবাদিককে আসামি করা হয়। প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিক হামলার ঘটনার ভিডিও ধারণ করছিলেন। সাতক্ষীরার একজন সাংবাদিকের বিরুদ্ধেও মিথ্যা মামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
বিএজের প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে দুই সংবাদকর্মী শুধুমাত্র হুমকি ও ডাকাতির ঘটনার শিকার হয়েছেন।
সংগঠনটি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হামলা, হয়রানি ও ভীতি প্রদর্শনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।


