
আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন সড়কের পাশে সরকারি উদ্যোগে স্থাপন করা স্ট্রিট লাইটগুলোর অধিকাংশই বর্তমানে অকেজো হয়ে পড়েছে। ফলে সন্ধ্যার পর থেকেই গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকাগুলো অন্ধকারে ডুবে যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে জননিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ সড়কে রাতের বেলায় চলাচল সহজ করার লক্ষ্যে বিভিন্ন স্থানে স্ট্রিট লাইট স্থাপন করা হয়। শুরুতে এসব লাইট নিয়মিত জ্বললেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে একে একে অধিকাংশ লাইটই বিকল হয়ে যায়। বর্তমানে উপজেলার অনেক গুরুত্বপূর্ণ সড়কে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, অন্ধকারের কারণে রাতে চলাচল করতে ভয় ও অনিরাপত্তা কাজ করে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য চলাচল আরও কষ্টসাধ্য হয়ে উঠেছে। অনেক সময় সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। এছাড়া চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন, সরকারি অর্থ ব্যয়ে স্থাপন করা এসব স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে অকেজো পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে লাইটগুলো পুনরায় সচল করা প্রয়োজন।
সচেতন মহলের মতে, রাস্তার পাশের স্ট্রিট লাইটগুলো সচল থাকলে রাতের বেলায় মানুষের চলাচল নিরাপদ হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটবে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সরকারি উদ্যোগে অকেজো স্ট্রিট লাইটগুলো দ্রুত মেরামত করে পুনরায় চালু করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং রাতের তাড়াইল আরও নিরাপদ হয়ে উঠবে।


