
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া নন্দীগ্রাম উপজেলা-এ পণ্যবাহী ট্রাকের ধাক্কায় হাসেম আলী (৩০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়ক-এ এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেম আলী উপজেলার কালিকাপুর পশ্চিমপাড়া এলাকার মোঃ এনতাজ আলী প্রামানিকের ছেলে।
জানা যায়, হাসেম আলী বগুড়া শহর থেকে একটি ফ্রিজ নিয়ে ভ্যানে করে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে কুন্দারহাট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি পণ্যবাহী ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ম ১১-৪৭৪৯) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


