
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে দীর্ঘ ১৭ বছরের যাতায়াত ভোগান্তির অবসান হয়েছে। ব্যক্তিমালিকানাধীন জমির কারণে বন্ধ থাকা একটি রাস্তা নিজ অর্থায়নে নির্মাণ করে ব্যতিক্রমী উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার প্রধান।
জানা যায়, ইউনিয়নের পানিয়ালতলা ধাম এলাকার জহির মেম্বারের বাড়ি সংলগ্ন প্রায় ১৩৫ ফুট দীর্ঘ একটি রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অন্তত ২০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছিল। এ অবস্থায় চলাচলের স্থায়ী সমাধান নিশ্চিত করতে জমি ক্রয় করে নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেন আবুল বাসার প্রধান।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী স্থানীয়দের অংশগ্রহণে মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।
এ বিষয়ে আবুল বাসার প্রধান বলেন, “রাস্তাটি বন্ধ থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ভোগান্তিতে ছিল। এটি চলাচলের উপযোগী করা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় আমি জমির মূল্য পরিশোধ করি। পরে গ্রামবাসীর সহযোগিতায় রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।” তিনি আরও জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক আলী হ্যাপি এ কাজে পরামর্শ ও সহযোগিতা করেছেন।
রাস্তাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভূষণ রায়, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন।


