
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পূর্বপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে আব্দুস সামাদের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান অনেক সামগ্রী পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মাত্র এক বছর আগেও একই বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরিবারের এক সন্তান নিহত হয়। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও আগুনে সর্বস্ব হারালো পরিবারটি।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদান করা হোক।


