
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ পাঠদান করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুজ্জামান।প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিশেষ ক্লাসে তিনি গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতনতা, সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় ওসি মোঃ শাহিনুজ্জামান গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে জনগণের নিরাপত্তা ও সেবায় কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের আইনগত ধারণা, দায়িত্ব পালনের দক্ষতা, শৃঙ্খলাবোধ ও জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে তৃণমূল পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।


