
আবুল হসান প্রতিনিধি, কোটচাঁদপুর:
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. রাজীব (৩০) নামের এক স্থানীয় জামায়াত নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে।
শনিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বড় বামনদহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রাজীব কোটচাঁদপুর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. বাহার কবিরাজের ছেলে এবং নিজেও স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বামনদহ এলাকার বাসিন্দা মো. সাকিবের (পিতা: মো. আতি) বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। রাজীব বিভিন্ন সময় সাকিবের এই অপকর্ম ও মাদক বিক্রির প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এরই জেরে সাকিবের সঙ্গে রাজীবের পূর্ববিরোধ ও শত্রুতার সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় আজ ঘটনার সময় অভিযুক্ত সাকিব ধারালো অস্ত্র নিয়ে রাজীবের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ঘটনার পর থেকে বামনদহ এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল অভিযুক্ত সাকিবের দ্রুত গ্রেপ্তার ও আইনি শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় থানা পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং জড়িতকে গ্রেপ্তারে অভিযান পরিচালিত হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


