ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে সুদের টাকার হিংস্র থাবায় নিঃস্ব হয়ে গেছে একটি সংখ্যালঘু হিন্দু পরিবার। মাত্র ৭ হাজার টাকা সুদে নিয়ে চরম নির্যাতন, জালিয়াতি ও মিথ্যা মামলার শিকার হয়ে আজ সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রী দিলীপ কুমার দাস ও তাঁর পরিবার। স্থানীয় প্রভাবশালী সুদখোর পান্না মণ্ডলের ফাঁদে পড়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
অনুসন্ধানে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের নিমাাই কুমার দাসের ছেলে শ্রী দিলীপ কুমার দাস ২০২০ সালে পারিবারিক প্রয়োজনে খালকোলা গ্রামের মৃত মকবুল মণ্ডলের ছেলে মোঃ পান্না মণ্ডলের কাছ থেকে সুদে ৭ হাজার টাকা নেন। সুদের শর্ত ছিল কঠোর ও অমানবিক—প্রতি হাজারে সপ্তাহে ৫০ টাকা (শনি ও মঙ্গলবার)। অর্থাৎ মাত্র ৭ হাজার টাকার বিপরীতে প্রতি সপ্তাহে দিলীপ দাসকে ৭০০ টাকা শুধু সুদই গুনতে হতো।পরবর্তী সময়ে দিলীপ দাস শারীরিক অসুস্থতার কারণে কিছু দিন সুদের টাকা সময়মতো দিতে পারেননি। আর এতেই বেরিয়ে আসে সুদকারবারি পান্নার আসল ভয়ংকর রূপ। একদিন মাঠে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় দিলীপ দাসের পথরোধ করে জোরপূর্বক একটি ফাঁকা (সাদা) স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন পান্না। এর কিছু দিন পরেই ওই স্ট্যাম্প দেখিয়ে দাবি করা হয় দিলীপের কাছে তিনি ৪০ হাজার টাকা পাবেন।দিলীপ দাস এই অসংগত ও জালিয়াতিপূর্ণ দাবি অস্বীকার করলে তাঁর ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। রঘুনাথপুর শ্মশান ঘাটে নিয়ে সুদখোর পান্না ও তার ছেলে শিমুল মিলে দিলীপ দাসকে বেধড়ক মারধর করে। সেখানে প্রাণভয়ের মুখে আবারো জোড়পূর্বক ৮০ হাজার টাকার আরেকটি ভুয়া স্ট্যাম্প বানিয়ে নেওয়া হয়। নির্যাতন চালিয়েও ক্ষান্ত হননি এই সুদের কারবারি; ওই মিথ্যা ও জালিয়াতি স্ট্যাম্পের ওপর ভিত্তি করে আদালতের আশ্রয় নিয়ে দিলীপ দাসের বিরুদ্ধে মামলা ঠুকে দেন তিনি।নিপীড়নের শিকার শ্রী দিলীপ কুমার দাস কান্নাভেজা কণ্ঠে আক্ষেপ করে বলেন:”৭ হাজার টাকা নিয়ে এ পর্যন্ত সুদের বাবদ এক লাখ টাকারও বেশি শোধ করেছি। তাও নাকি আমার ঋণ শোধ হয়নি! অভাবের তাড়নায় সামান্য টাকা নিয়েছিলাম, কিন্তু এই সুদখোর রাক্ষস আমার জীবনটা তছনছ করে দিল। জোর করে স্ট্যাম্পে সই নিয়ে এখন আমাকে মামলায় ফাঁসানো হয়েছে। মারধর খেয়ে শ্মশান ঘাট থেকে কোনোমতে জীবন নিয়ে ফিরেছি। আমার আর কিছু অবশিষ্ট নেই, আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার চাই।”এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সুদখোর পান্নার মূল টার্গেট এলাকার সহজ-সরল ও দুর্বল সম্প্রদায়, বিশেষ করে হিন্দু পরিবারগুলো। সুদের টাকা দিয়ে ফাঁদে ফেলে তাদের সহায়-সম্বল লুটে নেয়াই পান্নার প্রধান পেশা। কেউ প্রতিবাদ করার সাহস দেখালে বা অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তার নামেই ঠুকে দেওয়া হয় মিথ্যা মামলা। এ বিষয়ে বক্তব্য নিতে সুদখোর পান্নার বাড়ি গিয়ে এবং মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এলাকার সচেতন মহল ও সর্বস্তরের মানুষ এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা জানান, সামান্য সুদের টাকাকে কেন্দ্র করে একজন নিঃস্ব মানুষের ওপর এভাবে নির্যাতন ও প্রতারণা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই সুদের কারবার বন্ধ করা এবং অমানবিক নির্যাতনকারী পান্না ও তার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজ ঝিনাইদহ জেলার মান্যবর পুলিশ সুপার (এসপি) সাহেবের জরুরি দৃষ্টি আকর্ষণ করে এই কুখ্যাত সুদখোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রতারণামূলক মিথ্যা মামলা বাতিল এবং ক্ষতিগ্রস্ত দিলীপ কুমার দাসের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।