
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক কারবারী মোঃ মহিদুল ইসলাম রতন (২৮)-কে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।মঙ্গলবার (২৫ আগস্ট) আদমদীঘি উপজেলার সান্তাহার মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত রতন ওই এলাকার মৃত আতোয়ার হোসেনের ছেলে।জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন রতনের দেহ তল্লাশি করে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


