
নিজস্ব প্রতিনিধি:
“Smart Union, Upazila and Municipality Management System” বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা রংপুরে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন রংপুরের আয়োজনে এবং এটুআই (a2i) প্রোগ্রাম, ঢাকার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক।
তথ্যসূত্রে জানা যায়, কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করা। এর মাধ্যমে সাধারণ মানুষ অনলাইনে বিভিন্ন ধরনের সনদ ও প্রত্যয়নপত্র সহজে গ্রহণ করতে পারবেন।
ব্যবস্থাটিতে নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, জন্ম ও মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, ভূমিহীন সনদ, অবিবাহিত সনদ, এতিম সনদ, মাসিক আয়ের সনদ, বেকারত্ব সনদ, জাতীয়তা সনদ, ভোটার স্থানান্তরের প্রত্যয়নপত্র, দ্বিতীয় বিবাহের অনুমতিপত্র, উত্তরাধিকারী সনদ, স্থায়ী বাসিন্দা সনদ, প্রতিবন্ধী সনদ, পুনর্বিবাহ না হওয়া সনদ, নতুন ভোটারের প্রত্যয়নপত্র, আর্থিক অসচ্ছলতার সনদ, অনাপত্তি সনদ এবং একই নামের প্রত্যয়নপত্রসহ সর্বমোট ২৫ ধরনের সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সেবা কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে। এতে সাধারণ মানুষ ঘরে বসেই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার, রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর এবং এটুআই-এর টিম লিড তৌহিদুর রহমান।
কর্মশালায় অংশগ্রহণকারীরা স্মার্ট ইউনিয়ন ব্যবস্থাপনা বাস্তবায়নের বিভিন্ন দিক, অনলাইন সেবা প্রদান পদ্ধতি এবং অফিস ও আর্থিক ব্যবস্থাপনার আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।


