
খন্দকার জাহাঙ্গীর হুসাইন:
সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
মঙ্গলবার (১২ মে) বিকেলে তিনি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন। এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। লায়ন মোঃ খোরশেদ আলম তাদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি করি না, মানবতার কল্যাণে রাজনীতি করি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ‘সাজ্জাদ পাদুকা’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।


