এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের পক্ষ থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সোমবার (১১ মে) দুপুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি কেএম শফিউল আলম সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভুট্রো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সুশিক্ষিত জাতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমি এই শিক্ষাপ্রতিষ্ঠানেরই একজন শিক্ষার্থী ছিলাম। এখান থেকে সংবর্ধনা পেয়ে আমি সত্যিই আবেগাপ্লুত ও কৃতজ্ঞ। নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজকে সরকারি করণের জন্য আন্তরিকভাবে কাজ করে যাবো।”
এসময় তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি জনগণের সুখে-দুঃখে পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদূর রহমান খান শামীম চৌধুরী, একে আজাদ, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আহসান বিপ্লব রহিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত।
এছাড়াও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতা, প্রতিষ্ঠাতা সদস্য আবু বক্কর সিদ্দিক, বিদ্যোৎসাহী সদস্য আরিফুল ইসলাম মজনু, প্রভাষক মোকছেদুল মোমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক এবং কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মিঠুর পুকুর পর্যন্ত ১৩৮ মিটার ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দারা এ উন্নয়ন কর্মকাণ্ডকে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।