
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের দীঘলকান্দি (পশ্চিমপাড়া) এলাকায় হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার শুভ উদ্বোধন ও এ উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) এক বিশাল সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্মিত এই রাস্তার উদ্বোধনের মাধ্যমে স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব হলো।
অনুষ্ঠানে লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি তাঁর বক্তব্যে বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং পর্যায়ক্রমে ইউনিয়নের সকল কাঁচা রাস্তা পাকাকরণের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াজেদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাকতুম আহমেদ খান রুবেল, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাকতুম আহমেদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ রেজাউল হক।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর।
সভায় বক্তারা রাস্তার মান বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উদ্বোধন শেষে মোনাজাতের মাধ্যমে এলাকার সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


